ছবি: সংগৃহীত
নেত্রকোনার মোহনগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ থেকে নিয়ে যাওয়া ২ হাজার ৬৪৪টি ব্লক ফিরিয়ে দিয়েছেন হাওরবাসী। পুলিশ, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে স্থানীয় বাসিন্দারা এসব ব্লক ফিরিয়ে দিয়েছেন।
পাউবো সূত্রে জানা গেছে, উপজেলার ডিঙ্গাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধের প্রায় ২৫০ মিটার অংশ থেকে গত ১৮ আগস্ট সন্ধ্যা থেকে ব্লক খুলে নিয়ে যাওয়ার ঘটনা শুরু হয়। পরদিন বিষয়টি পাউবো ও উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে ২৩ আগস্ট পাউবোর পক্ষ থেকে মোহনগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ব্লকগুলো ফেরত দেওয়ার জন্য বোঝায়। এরপর স্থানীয় বাসিন্দারা নিজেরাই নৌকায় করে ব্লকগুলো ফিরিয়ে দেন। এর মধ্যে কিছু ব্লক গোয়ালঘর, মাচার নিচে, বাড়ির পাশে এবং হাওরে নামার সিঁড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছিল।
পাউবো নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, বাঁধ থেকে নেওয়া সব ২ হাজার ৬৪৪টি ব্লক উদ্ধার হয়েছে। এগুলো নির্ধারিত স্থানে বসানো হচ্ছে। পানি নেমে গেলে সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে শক্ত করা হবে।
চরহাইজদা উপপ্রকল্পের ফসল রক্ষা বাঁধটির দৈর্ঘ্য ৬১ কিলোমিটার। ডিঙ্গাপোতা হাওরের প্রায় সাড়ে ছয় হাজার হেক্টর জমির বোরো ধানসহ আশপাশের কয়েকটি হাওরের ফসল রক্ষায় বাঁধটি গুরুত্বপূর্ণ।
পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি বুঝতে পেরে ব্লকগুলো ফিরিয়ে দিয়েছেন, এটি ইতিবাচক দৃষ্টান্ত। বাঁধের এসব ব্লকের ওপর হাওরের ফসলের নিরাপত্তা নির্ভর করে। ভবিষ্যতে যাতে কেউ বাঁধের সম্পদ সরিয়ে না নেন, সে জন্য স্থানীয় মানুষকে সচেতন হতে হবে।
