ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত টানা সাড়ে ছয় ঘণ্টার এ অভিযানে ২৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি ড্রেজার মেশিন ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারি সম্পদেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে মোট ২৩ জনকে আটক করা হয়। এর মধ্যে অপরাধ স্বীকার করায় ১০ ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
আটককৃত অন্য ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
একই সময় অভিযানে নদী ও পরিবেশ রক্ষায় বালু উত্তোলনের ২৭টি ড্রেজার মেশিন তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে।
নদী ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
