সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশিষ কুমার রায় মাগুরা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি পেশায় একজন আর্টিস্ট ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ছয়জন পর্যটক ‘হৈমন্তী’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যান। দিনভর ঘোরাঘুরি ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে যান। সেখান থেকে শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে বের হন।
মাগরিবের নামাজের আগে শহীদ সিরাজ লেক এলাকা থেকে ট্যাকেরঘাটে ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান আশিষ। এ সময় স্থানীয়রা তার মোবাইল ফোনের মাধ্যমে সঙ্গে থাকা বন্ধুদের খবর দেন। পরে তাকে এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে স্পিডবোটে করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাউসবোটটির ম্যানেজার রাশেদুল ইসলাম জানান, সকালে আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে ছয়জন পর্যটক হাউসবোটে ওঠেন। সারাদিন হাওর ঘুরে বিকেলে ট্যাকেরঘাটে যান। পরে শহীদ সিরাজ লেক এলাকা থেকে ফেরার পথে আশিষ অসুস্থ হয়ে পড়েন।
নিহতের সঙ্গে থাকা বন্ধু রাজ শেখর বণিক বলেন, বিকেলে তারা সবাই লেক এলাকার টিলাগুলোতে ঘুরছিলেন। একসময় আশিষকে দেখতে না পেয়ে ফোন দিলে তিনি ধরেননি। পরে তার ফোন থেকেই কল পেয়ে জানতে পারেন তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
