https://www.emjanews.com/

18611

surplus

প্রকাশিত

১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৬

অন্যান্য

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেলেন সিলেটের মেহেদী

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৬

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য নতুন এক সম্ভাবনার বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহরিয়ার আলম মেহেদী তাপাদার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো আবেদনকারীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়া পেরিয়ে ‘গ্লোবাল সামিট অন কনস্টিটিউশনালিজম’-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।

শাহরিয়ার আলম মেহেদী তাপাদার মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগ থেকে সম্প্রতি এলএলবি সম্পন্ন করেছেন। বর্তমানে একই বিভাগে এলএলএম অধ্যয়ন করছেন তিনি। তাঁর একাডেমিক সাফল্য, সামাজিক সচেতনতা, নেতৃত্বের দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাকে এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের কনস্টিটিউশনাল স্টাডিজের পরিচালক অধ্যাপক রিচার্ড আলবার্ট স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মেহেদীকে সম্মেলনে অংশগ্রহণের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

‘ইন্টারন্যাশনাল ফোরাম অন দ্য ফিউচার অব কনস্টিটিউশনালিজম’-এর সহযোগিতায় এবং ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের কনস্টিটিউশনাল স্টাডিজ প্রোগ্রামের আয়োজনে আগামী ১৭ থেকে ১৯ মার্চ ২০২৭ পর্যন্ত অস্টিন ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান, সাংবিধানিকতাবাদ, গণতন্ত্র, আইন ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে গবেষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেবেন। এতে প্লেনারি লেকচার, প্যানেল আলোচনা এবং জ্ঞানচর্চার বিভিন্ন সেশনের আয়োজন থাকবে।

গবেষণাগত উৎকর্ষ, একাডেমিক সততা, বাকস্বাধীনতা এবং বৈশ্বিক যোগাযোগের পরিবেশ তৈরির লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের জন্য মেহেদীর যাতায়াত, থাকা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় আয়োজকদের পক্ষ থেকে বহন করা হবে।

আন্তর্জাতিক পর্যায়ে এমন একটি মর্যাদাপূর্ণ সম্মেলনে আমন্ত্রণ পাওয়ায় শাহরিয়ার আলম মেহেদী তাপাদারকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় তারা বলেন, “বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ সামিটে অংশগ্রহণ করতে শাহরিয়ার আলম মেহেদী তাপাদারের আমন্ত্রণ আসার বিষয়টি শুধু আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যই নয়, বরং দেশের জন্যও গৌরবের।”

শিক্ষাজীবনের পাশাপাশি গবেষণা ও সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় মেহেদী। বর্তমানে তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘স্টুডেন্ট অ্যাডভাইজার’ হিসেবেও যুক্ত আছেন তিনি।

পাশাপাশি সিলেট জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে আইন পেশার প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করছেন শাহরিয়ার আলম মেহেদী তাপাদার।

একাডেমিক শিক্ষা, গবেষণা, নেতৃত্ব ও সামাজিক কার্যক্রমের সমন্বিত অভিজ্ঞতা নিয়েই এবার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাংবিধানিকতাবাদবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি।