সিলেটে তীব্র গরমের পর রেকর্ড ১৪২ মিলিমিটার বৃষ্টি: থাকতে পারে ৫ দিন
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০২
সিলেটে টানা তীব্র গরমের পর অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভারী বর্ষণে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে, যদিও সাময়িক জলাবদ্ধতায় ভোগান্তিও হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী তিন ঘণ্টায়, অর্থাৎ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুরুতে মাত্র পাঁচ ঘণ্টাতেই অতিভারী বর্ষণ হয়।
এর আগে কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ ছিল নগরবাসী। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ৩৬ ডিগ্রি এবং বুধবার ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্রতায় বিশেষ করে শ্রমজীবী মানুষ বেশি দুর্ভোগে পড়েন। তবে স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে যায়। আজ শনিবার দুপুর পর্যন্ত সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাতভর বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হলেও বৃষ্টি থামার পর দ্রুত পানি নেমে গেছে বলে জানা গেছে। শনিবার সকাল থেকেও কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, আগামী পাঁচ দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
