ছাত্রীদের ‘বেড টাচ’ করায় শিক্ষক ফারুকুজ্জামানকে পাঠদান থেকে অব্যাহতি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৫
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা এবং একা খাতা দেখাতে যাওয়ার অভিযোগ ওঠা সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে পাঠদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে বিদ্যালয়ে আসতেও নিষেধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহ্বায়ক করে কমিটিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস খানমকে সদস্য করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ইউএনও জানান, বিদ্যালয়টি সরকারি হওয়ায় নিয়োগকারী কর্তৃপক্ষ না হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা সম্ভব হয়নি। তবে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হবে।
এর আগে অভিযোগগুলোর প্রতিবাদ ও শিক্ষকের শাস্তি-বদলির দাবিতে মঙ্গলবার বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ করে। পরে ইউএনও ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভ প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরে যায় শিক্ষার্থীরা।
