ছবি: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, এমপি।
অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের কোষাগার লুণ্ঠন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, এমপি। তিনি দাবি করেছেন, বিদেশি সহায়তার অর্থসহ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থও চুরি করে বিদেশে পাচার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা মিলনায়তনে বিএনপি আয়োজিত সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ অনিয়ম ও দুর্নীতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। বিদেশ থেকে দেশে আসা সহায়তার অর্থও লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গ তুলে তিনি বলেন, রিজার্ভ থেকে অর্থ চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় ফিলিপাইনে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারও কারও বিচার ও শাস্তি হলেও বাংলাদেশে জড়িতদের বিরুদ্ধে কোনো বিচার হয়নি বলে দাবি করেন তিনি।
সরকারি কর্মকর্তাদের একাংশের দুর্নীতির সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর।’ ঘুষ ও লুটপাটের কারণে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ দাবি করেন, বাংলাদেশের জনগণের অর্থ লুণ্ঠন করে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলা হয়েছে। তাঁর দাবি, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর ৩৬০টি বাড়ি রয়েছে। এ ছাড়া দুবাই ও যুক্তরাষ্ট্রেও তাঁর সম্পদ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রশাসনে এখনো আওয়ামী লীগের অনুসারীদের অনেকে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এ কারণে বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির প্রকৃত চিত্র পুরোপুরি জনগণের সামনে আসছে না বলেও মন্তব্য করেন তিনি।
‘বাংলাদেশ ভালো থাকুক চায় না ভারত’
ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো থাকুক, সেটা প্রতিবেশী রাষ্ট্র চায় না।’ ভারত বাংলাদেশকে ‘করদ রাজ্য’ বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের ১৬-১৭ বছরের শাসনামলে বাংলাদেশের মানুষের স্বার্থের পরিবর্তে ভারতের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ওই সময়ে একাধিক অসম চুক্তি করা হয়েছে, যার ফলে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে।
চট্টগ্রাম বন্দরে ভারতীয় জাহাজকে অগ্রাধিকার দেওয়ার প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভারতীয় জাহাজ বন্দরে এলে অন্য জাহাজ, এমনকি বাংলাদেশের জাহাজগুলোকেও অপেক্ষায় রাখতে হয়। এতে দেশের আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন তিনি।
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পণ্য পরিবহনের বিষয়েও সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, এসব পণ্য পরিবহনে যথাযথ শুল্ক দেওয়া হয় না; বরং বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে পণ্য পরিবহন করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলেও মন্তব্য করেন তিনি।
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা করা হচ্ছে। এ ক্ষেত্রে ভারতের নীতির সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত থাকলেও সেখানে একইভাবে গুলি চালানোর ঘটনা দেখা যায় না।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর আসাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকারসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
