ছবি: ইমজা নিউজ
সিলেটসহ দেশের পাঁচ বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে কয়েকদিন ধরে চলা অস্বস্তিকর গরম থেকেও কিছুটা স্বস্তি মিলতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির প্রবণতা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। বৃহস্পতিবারও সিলেটসহ পাঁচ বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ দিকে তাপমাত্রায় কিছুটা পরিবর্তন আসতে পারে।
তবে রোববার নাগাদ আবারও সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
