ঝাড়ফুঁকের কথা বলে ছাত্রকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৭
আলমগীর হোসেন ফরাজী
নোয়াখালীর বেগমগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন ফরাজী (৪৫) নামে জামায়াতের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম খানপুর গ্রামের ফরাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু শরীফপুর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মাথাব্যথা হওয়ায় সে স্থানীয় একটি ওষুধের দোকানে যায়। অভিযুক্ত আলমগীর ওষুধ বিক্রির পাশাপাশি ঝাড়ফুঁকও করেন।
শিশুটির বাবার অভিযোগ, মাথাব্যথা ঝাড়ফুঁকের মাধ্যমে ভালো করে দেওয়ার কথা বলে আলমগীর শিশুটিকে দোকানের পেছনের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ জানায়, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আলমগীর শরীফপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির মৃত ইউনুছ আলীর ছেলে। তিনি একসময় শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শরীফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন বলেন, ২০২২ সাল পর্যন্ত আলমগীর জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিষ্ক্রিয় এবং দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে শনিবার রাতে মামলা করেছেন। ওই মামলায় রাতেই আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
