‘তৌহিদী জনতার’ আপত্তির মুখেও সিলেটে উৎসবমুখর পরিবেশে নৌকা বাইচ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৫
ছবি: সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে তৌহিদী জনতার আপত্তি ও প্রতিবাদ উপেক্ষা করেই কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এই উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে সমাগম ঘটে হাজার হাজার দর্শনার্থীর।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় হাকালুকির ‘বাঘ নৌকা’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘নওয়াই বাংলালিংক’ নৌকা।
জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা স্থানীয় মীরগঞ্জ বাজারে তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নৌকা বাইচ বন্ধের জোরালো দাবি জানানো হয়েছিল।
তবে গ্রামবাংলার চিরায়ত এই সংস্কৃতি রক্ষায় অনড় ছিল প্রশাসন ও আয়োজক কমিটি। সেই ধারাবাহিকতায় শনিবার উৎসবমুখর পরিবেশে মোট ৬টি নৌকার অংশগ্রহণে শুরু হয় এই জল উৎসব। কুশিয়ারা নদীর ঢেউয়ে বৈঠার তালে তালে প্রতিযোগীদের এগিয়ে যাওয়ার দৃশ্য উপস্থিত সাধারণ দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
এ বিষয়ে গোলাপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, নৌকা বাইচ বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অংশ। নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বাঙালি সংস্কৃতি বাধাগ্রস্ত হলে অপসংস্কৃতি সমাজকে গ্রাস করবে, তাই উৎসবমুখর পরিবেশ বজায় রেখে এই প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে বিয়ানীবাজারের সুনাই নদীতেও একই ধরনের প্রতিবাদের মুখে প্রশাসনের দৃঢ়তায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছিল।
গোলাপগঞ্জের এই সফল আয়োজনের মধ্য দিয়ে সিলেটের গ্রামীণ জনপদে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
