‘আমার ছেলে কী অন্যায় করেছে, এটা কোন দেশ’- অপ্রতীমকে হারিয়ে মায়ের আহাজারি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৩
ছবি: সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অপ্রতীম কুমিল্লা সিটি করপোরেশনের কোটবাড়ী গন্ধমতি এলাকার কেএম ফিরোজ শাহরিয়ারের ছেলে এবং বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয় সে। এরপর আর ফেরেনি।
নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় জিডি করলে পুলিশ সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন শনাক্তের মাধ্যমে তল্লাশি শুরু করে। দীর্ঘ অপেক্ষার পর শনিবার দুপুরে জঙ্গলে মিলে তার নিথর দেহ।
একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা ড. নাহিদা বেগমের আহাজারিতে কোটবাড়ী এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। শনিবার দুপুরে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে গেলে কান্নায় ভেঙে পড়েন এই শিক্ষক। তিনি বিলাপ করতে করতে প্রশ্ন তোলেন, ‘এটা কোন দেশ? আমার ছেলে কী অন্যায় করেছে? আমি কুমিল্লায় চাকরি করতে এসেছি, এটাই কি আমার অপরাধ? আমি এই হত্যাকাণ্ডের জবাব চাই। একমাত্র সন্তানকে ছাড়া আমি কীভাবে বাঁচব?’
শিক্ষক নাহিদা বেগমের এমন আর্তনাদে উপস্থিত সবার চোখ সিক্ত হয়ে ওঠে। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীও নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তিনি ডুকরে কেঁদে ওঠেন এবং এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।
