ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশ থেকে এক বাংলাদেশি কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা সানমুড়া সীমান্ত এলাকার কাঁটাতারের পাশে পড়ে থাকা লাশটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
নিহত কিশোর আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর পূর্বপাড়ার মালু মিয়ার ছেলে শাকিল (১৪)। পরিবার জানায়, গত বুধবার রাত সাড়ে ১২টার পর থেকে সে নিখোঁজ ছিল। তার বাবা মালু মিয়ার ভাষ্য, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল।
বিজিবি ফকিরমুড়া ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমা বলেন, আখাউড়া-ত্রিপুরা সীমান্তের ২০২২-৯এস পিলারের কাছে সানমুড়া কাঁটাতারের বেড়ার পাশে লাশটি পড়ে থাকতে দেখে বিষয়টি বিএসএফের নজরে আসে।
শনিবার সন্ধ্যায় ভারতীয় বাহিনীর মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেন। এ সময় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলামও পুলিশ সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হন।
পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয়। তবে শনাক্তকরণ ও আনুষ্ঠানিকতা শেষ করতে দেরি হওয়ায় রাতেই লাশটি বিএসএফ হেফাজতে নেয়।
বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, লাশটি দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় পক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। রোববার (২০ সেপ্টেম্বর) পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হতে পারে।
তবে কীভাবে কিশোরটি সেখানে পৌঁছেছে এবং মৃত্যুর কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।
