কুমিল্লার দাউদকান্দিতে থানার ভেতরে ভাঙচুর চালিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে বেরিয়ে গেছে আটক কিশোর গ্যাংয়ের ২২ সদস্য। পরে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে দাউদকান্দি মডেল থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দিনভর সন্দেহভাজন হিসেবে ২৮ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে অধিকাংশের বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড নেই বলে দাবি করেছেন অভিভাবকরা। বিকেল থেকেই আটক কিশোরদের স্বজন ও স্থানীয় লোকজন থানার সামনে জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানার একটি কক্ষে রাখা কিশোরদের কয়েকজন চেয়ার-টেবিল ও দরজা ভাঙচুর করে বের হয়ে আসে। পরে তাদের একটি অংশ থানার সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, অপ্রয়োজনে ঘোরাফেরার কারণে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছিল। স্বজনরা একসঙ্গে থানায় এলে কিছুটা ভিড়ের সৃষ্টি হয়।
তিনি আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৬ জনের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
