খুঁটিতে বাঁধা বাবা, মেয়ের হাতে খাবার: যে ঘটনা কাঁদাচ্ছে সবাইকে
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:৫০
সন্তানের কাছে বাবার পরিচয় বা পেশা নয়, ভালোবাসাই বড়- বরিশালের উজিরপুরে এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে নিজের হাতে খাবার তুলে দিয়েছে তার ছোট্ট মেয়ে। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
শনিবার সকালে বাবার আটকের খবর পেয়ে ঘটনাস্থলে আসে তার ছোট্ট মেয়ে। সারারাত কিছু না খেয়ে থাকা বাবার জন্য সে কাছের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে।
খুঁটির সঙ্গে বাঁধা বাবার সামনে দাঁড়িয়ে মেয়েটি নিজের হাতে রুটি ও চা তুলে দেয়। বাবা-মেয়ের এই মুহূর্তটি উপস্থিত লোকজনের নজর কাড়ে। এ সময় এক যুবক দৃশ্যটি ভিডিও ধারণ করেন।
পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই তা ব্যাপকভাবে ভাইরাল হয়। ভিডিওটি দেখে অনেকেই আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা ও মানবাধিকার সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্নও উঠেছে। অভিযোগের ভিত্তিতে কাউকে এভাবে বেঁধে রাখা আইনসম্মত কি না- তা নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া উচিত।
