ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে ৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজ্যের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪৮ সদস্যের একটি দল দিভেগার সমুদ্রসৈকতে ভ্রমণে গিয়েছিল। দলটিতে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী ও ছয়জন শিক্ষক ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের একটি দল সমুদ্রে সাঁতার কাটতে নামলে ৮ জন পানির স্রোতে ভেসে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রের পানির গভীরতা ও স্রোতের তীব্রতা সম্পর্কে তারা ধারণা করতে পারেনি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে আট শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর ও কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের সবার বয়স ১৬ বছর। তারা পুনের আলান্দির বাসিন্দা।
দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করেন। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ মামলা করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
