লাউয়াছড়া বনে ৯ বগি রেখেই চট্টগ্রামের দিকে চলে গেলো পাহাড়িকা এক্সপ্রেস!
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ ১৭:৩৭
ছবি: সংগৃহীত
সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস। কিন্তু লাউয়াছড়া বনে এসে ট্রেনটি যেন সিদ্ধান্ত নিল; সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার দরকার কী!
দুপুর ২টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের গভীর বনে হঠাৎ কাপলিং ছিঁড়ে ট্রেনটি দুই ভাগ হয়ে যায়। ইঞ্জিনসহ সামনের সাতটি বগি নিয়ে পাহাড়িকা এক্সপ্রেস চলে যায় শ্রীমঙ্গলের দিকে। আর পেছনে পড়ে থাকে ৯টি বগি ও কয়েক শতাধিক যাত্রী!
বনের মধ্যে আটকা পড়ে যাত্রীরা তখন ভাবছেন; এটা কি ট্রেনযাত্রা, নাকি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ‘ফ্যামিলি ট্যুর’?
এক যাত্রী জসিম বলেন, হঠাৎ ঝাঁকুনি অনুভব করার পর দেখেন তাদের বগিগুলো বনের মধ্যে দাঁড়িয়ে আছে। আর ট্রেনের সামনের অংশ ততক্ষণে শ্রীমঙ্গলের পথে বেশ খানিকটা এগিয়ে গেছে।
নারী-শিশু নিয়ে বনের মধ্যে আটকা পড়া যাত্রীদের কেউ হয়তো ভাবছিলেন, ‘টিকিট কেটেছি চট্টগ্রামের, কিন্তু নামিয়ে দিল লাউয়াছড়ায়!’
ভানুগাছ স্টেশন মাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, ভানুগাছ স্টেশন পার হওয়ার প্রায় চার কিলোমিটার পর কাপলিং ছিঁড়ে পেছনের ৯টি বগি আলাদা হয়ে যায়। চালক বিষয়টি তাৎক্ষণিক বুঝতে না পারায় সামনের অংশ নিয়ে চলে যান।
পরে খবর পেয়ে আটকে পড়া ৯ বগি উদ্ধার করতে শ্রীমঙ্গল থেকে ইঞ্জিন ফেরত আনার প্রস্তুতি নেওয়া হয়।
অর্থাৎ, পাহাড়িকা এক্সপ্রেস শেষ পর্যন্ত যাত্রীদের ফেলে যায়নি; শুধু একটু ‘আগে আগে’ চলে গিয়েছিল!
তবে মজার এই ঘটনার আড়ালে রয়েছে গুরুতর নিরাপত্তা প্রশ্ন। চলন্ত ট্রেনের ৯টি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা যাত্রীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
তাই কাপলিং ছিঁড়ে যাওয়ার প্রকৃত কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি।
