ছবি: সংগৃহীত
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ পর্যাপ্ত ও সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। পর্যাপ্ত সরবরাহের পরও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি কিংবা অবৈধভাবে মজুত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) লোয়াবের সভাপতি মোহাম্মদ আমিরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় দেশে এলপিজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, বর্তমানে দেশে এলপিজির সরবরাহ পর্যাপ্ত ও সন্তোষজনক।
লোয়াবের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দেশে ১ লাখ ৫৬ হাজার টন এবং আগস্টে ১ লাখ ৫৮ হাজার টন এলপিজি আমদানি করা হয়েছে। চাহিদার তুলনায় এই সরবরাহ যথেষ্ট হওয়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই বলে জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোনো এলপিজি অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা বিইআরসি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করলে কিংবা নিয়মবহির্ভূতভাবে মজুত করলে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের বাজার মনিটরিং জোরদারের বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং এলপিজির বাজার স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে লোয়াব।
