শিরোনাম
বাড়ছে দুধকুমারের পানি, বাড়তে পারে সুরমা-কুশিয়ারারও সিলেটে বৃষ্টির আভাস, দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত শ্রীমঙ্গলে পাহাড়িকা এক্সপ্রেস উদ্ধারে পাঠানো উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত সিলামে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল যুবকের তিন বছর তালাবদ্ধ ৩৬ কোটি টাকার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি সিলেটসহ সারাদেশে প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন পেছালো নিজের ঘর সামলান, তারপর অন্যকে নসিহত: জামায়াতকে প্রধানমন্ত্রী ‘হুজুর মাথা টিপার কথা বলে রুমে ডেকে প্যান্ট খুলে ফেলতেন’-নির্যাতিত শিশুর বর্ণনা কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, ৮ হাজারের অধিক পানগাছ কর্তন​ সিলেটে ভারতীয় অ/স্ত্রসহ কোটি টাকার চালান জব্দ

https://www.emjanews.com/

19259

national

প্রকাশিত

০২ অক্টোবর ২০২৬ ১৮:৫৪

জাতীয়

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান আটক

সরকারি কাজে বাধা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ ১৮:৫৪

মেজর (অব.) আখতারুজ্জামান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় তাকে আটক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার বিমানবন্দর থানায় মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। দণ্ডবিধির একাধিক ধারায় করা মামলাটির নম্বর ৬।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়। একই সঙ্গে লাগেজ পেতেও দেরি হচ্ছিল।

এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে যান। তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এজাহারে অভিযোগ করা হয়েছে, তখন মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং তাকে গালিগালাজ ও হুমকি দেন। এ সময় বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও তিনি অশালীন মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে নিষেধ করেন।

এজাহার অনুযায়ী, এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান ওই নিরাপত্তা কর্মকর্তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এ ছাড়া সাধারণ যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতল ট্রলি থেকে ছুড়ে ফেলে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও করা হয়েছে।

এজাহারকারীর অভিযোগ, এসব কর্মকাণ্ডের ফলে বিমানবন্দরের সংরক্ষিত ও স্পর্শকাতর স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয় এবং বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়।

এ ঘটনায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। এসব ধারায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের বিষয় রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করা হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিমানবন্দরে লাগেজ ও যাত্রীসেবা নিয়ে ভোগান্তির বিষয়কে কেন্দ্র করে আখতারুজ্জামানের সঙ্গে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও প্রকাশ্যে আসে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

মেজর (অব.) আখতারুজ্জামান কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তার জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়।