ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহত দুজন হলেন বগুড়ার মো. শাহেদ আহম্মেদ ও কুমিল্লার মো. নাসরুল্লাহ বদরপুরি।
এ ঘটনায় আহত চার বাংলাদেশি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) মন্ত্রণালয় নিহত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে।
মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এ ক্ষেপণাস্ত্র এসে পড়ে। ওই সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা সেখানে অপেক্ষা করছিলেন। এ ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হন।
নিহত মো. শাহেদ আহম্মেদ বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা এলাকার মো. রফিকুল ইসলাম ও মোছা. শাহেরা বেগমের ছেলে।
অন্যদিকে মো. নাসরুল্লাহ বদরপুরি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর এলাকার মাওলানা মোহাম্মদ উল্লাহ ও জাহানারা বেগমের ছেলে।
এর আগে রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রাষ্ট্রীয় খরচে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।
এ ছাড়া বিমানবন্দরে হামলার ঘটনায় আহত চার বাংলাদেশি নাগরিক আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
