ছবি: সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার স্বপ্ন হাতছানি দিচ্ছিল বাংলাদেশের সামনে। স্বাগতিক উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তা পূর্ণতা পেল না। গ্রুপ পর্বের শেষ ও নির্ণায়ক ম্যাচে ফিলিপাইনের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যদের।
রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা ফিলিপাইনের বিরুদ্ধে প্রথমার্ধে সমানে সমান লড়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৯তম অবস্থানে থাকা শক্তিশালী ফিলিপাইনকে বিরতির আগ পর্যন্ত গোলশূন্য আটকে রেখেছিল ১০৭ নম্বর অবস্থানে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা। উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস ফুটে উঠছিল রক্ষণ ও মাঝমাঠের সমন্বয়ে।
তবে দ্বিতীয়ার্ধে তাল হারায় বাংলাদেশ। ম্যাচের ৭৩তম মিনিটে ফিলিপাইন প্রথম গোল করে লিড নিলে মানসিকভাবে চাপে পড়ে যায় টাইগ্রেসরা। সেই চাপ আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের শেষ প্রান্তে ৮৯তম মিনিটে রক্ষণভাগের দুর্বলতায় দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। এরপর অতিরিক্ত সময়ে (ইনজুরি টাইম) রক্ষণের আরও একটি ভুলে তৃতীয় গোলটি হলে ৩-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
এর আগে বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩য় মিনিটে আলমিনার গোল এবং ইনজুরি টাইমে রুনা আক্তারের জয়সূচক গোলটি দেশীয় ফুটবলে আশার আলো জ্বালিয়েছিল। তবে ফিলিপাইনের সাথে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশের সামনে জয়ের বিকল্প ছিল না, যেখানে ফিলিপাইনের ড্র করলেই চলত।
উল্লেখ্য, ২০২৭ সালের ৩১শে মার্চ থেকে ১৭ই এপ্রিল পর্যন্ত চীনে ১২টি দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্টের মূল আসর বসবে। বাছাইপর্বের বাধা টপকাতে না পারায় ঐতিহাসিক সেই আসরে অংশগ্রহণ থেকে বঞ্চিত হলো বাংলাদেশের মেয়েরা। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ড্র-তে এখন জায়গা করে নেবে ফিলিপাইনসহ বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়নরা।
