ছবি: সংগৃহীত
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিলামে অর্থের বদলে পয়েন্টের লড়াই-নতুন এই নিয়মে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। ডিসেম্বরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের নিলামে সবচেয়ে বেশি ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দল পেয়েছেন শরীফুল ইসলাম। তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ এবং তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টটির খেলোয়াড় নিলাম। প্রচলিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ক্রিকেটারদের দলে নিতে অর্থ খরচ করা হলেও ডি থ্রি ট্রফিতে খেলোয়াড় বাছাই হচ্ছে পয়েন্টের ভিত্তিতে।
নিলামে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারকে নিয়ে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শেষ পর্যন্ত ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল ইসলামকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ওয়ালটন। আর তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে পেয়েছে ফরচুন গ্রুপ।
নিলামের প্রথম ডাকেই ১ কোটি ৫০ লাখ পয়েন্টে বিক্রি হন শেখ মেহেদী হাসান। তাঁকে দলে নিয়েছে এইস ব্লুস্টার। অন্যদিকে, বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে দলে নিতে লড়াই করে ওয়ালটন ও ফরচুন গ্রুপ। শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে সৌম্যকে দলে নেয় ফরচুন।
টুর্নামেন্টের নিলামে ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি ক্যাটাগরির জন্য নির্ধারণ করা হয়েছে আলাদা ভিত্তিমূল্য। ‘এ’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।
ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হওয়ার কথা ডি থ্রি ট্রফির। নতুন এই আয়োজনের মাধ্যমে দেশের ঘরোয়া ক্রিকেটে ভিন্নধর্মী প্রতিযোগিতার সূচনা করতে যাচ্ছে বিসিবি।
