সুনামগঞ্জের শাল্লায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ভাঙচুর ও লুটপাট
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ ০১:৪০
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শাল্লায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাক্ষীর বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা চালায়। এ সময় চারটি ফ্রিজ, ছয়টি গরু, দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ চার লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।
পরিবারের নারী সদস্যদের মারধর ও যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগও করা হয়েছে। দুলাল মিয়ার মেয়ে উজ্জ্বলা আক্তারের দাবি, ২০১৬ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বাবা সাক্ষ্য দিয়েছিলেন।
এরপর থেকেই পরিবারটি হুমকি ও আতঙ্কের মধ্যে রয়েছে। হামলার পেছনে ওই মামলার আসামিদের স্বজনদের জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, ঘটনার দিন পুলিশ ওই গ্রামে তদন্তে গেলে কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ভুক্তভোগীদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোকতাদির আহমদ জানান, দৌলতপুর গ্রামের তিন নারী ও এক শিশু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত জালাল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
