ছবি: সংগৃহীত
জরুরি সংস্কারকাজ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেট নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দুটি পৃথক সময়ে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। এতে কোনো কোনো এলাকায় টানা পাঁচ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা ও বড়বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার ও সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকায় একই সময়ে বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের অধীনে আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলাবাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট ও ফরিদাবাদ আবাসিক এলাকাসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই সংস্কারকাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ বিভাগ।
