জগন্নাথপুরে এইচএসসিতে পাসের হার ৪৭.০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ জন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ১৮:০৯
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবারের এইচএসসি পরীক্ষায় কলেজগুলোর ফলাফল হতাশাজনক। উপজেলার ১২টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৭৪ জন। অকৃতকার্য হয়েছে ৮৭১ জন। পাসের হার ৪৭ দশমিক ০৫ শতাংশ। এসব প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র তিনজন শিক্ষার্থী।
উপজেলার ১২টি কলেজের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে পাটলী উইমেন্স কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭ জন। পাসের হার ৯২ দশমিক ৫০ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে রৌয়াইল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২২ জন। পাসের হার ৬৮ দশমিক ৭৫ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ষড়পল্লী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩ জন। এ প্রতিষ্ঠানের পাসের হার ৬৬ দশমিক ১৫ শতাংশ। এখানে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
চতুর্থ অবস্থানে রয়েছে চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ। এ কলেজের ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭০ জন। পাসের হার ৬৪ দশমিক ৮১ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা রানীগঞ্জ কলেজ থেকে ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৬ জন। পাসের হার ৫৭ দশমিক ১৪ শতাংশ।
এ ছাড়া পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে ৮২ জনের মধ্যে পাস করেছে ৪০ জন। পাসের হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ। জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে ৬৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৮১ জন। এ কলেজে জিপিএ-৫ পেয়েছে দুজন। পাসের হার ৪৪ দশমিক ৫৩ শতাংশ।
শাহজালাল মহাবিদ্যালয় থেকে ২৯৪ জনের মধ্যে ১২৭ জন, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫২ জনের মধ্যে ২২ জন, সৈয়দপুর আদর্শ কলেজ থেকে ৯২ জনের মধ্যে ৩৫ জন এবং শ্রীরামসী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৯ জনের মধ্যে ১৪ জন পাস করেছে। এসব প্রতিষ্ঠানের পাসের হার যথাক্রমে ৪৩ দশমিক ২০, ৪২ দশমিক ৩১, ৩৮ দশমিক ০৪ ও ২৮ দশমিক ৫৭ শতাংশ।
অন্যদিকে, উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বনিম্ন পাসের হার নয়াবন্দর স্কুল অ্যান্ড কলেজে। এ প্রতিষ্ঠানের ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ১৬ জন। অকৃতকার্য হয়েছে ৫১ জন। পাসের হার ২৩ দশমিক ৮৮ শতাংশ।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় বলেন, এবারের ফলাফল প্রত্যাশিত হয়নি। তবে গত বছরের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। গত বছর এইচএসসিতে পাসের হার ছিল ৩৮ দশমিক ১৮ শতাংশ। এবার তা বেড়ে ৪৭ দশমিক ০৫ শতাংশ হয়েছে। আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।