মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ২০ জন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ২০:১৫
মৌলভীবাজারের বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ২০ জন সীমান্তের শূন্যরেখায় ভারতের আসাম অংশের একটি খোলা মাঠে অবস্থান করছেন। এ ঘটনায় বিএসএফের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পর্যন্ত তাদের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে।
বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচলও কম ছিল। এ সুযোগে বৃহস্পতিবার মধ্যরাতে বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। রাতভর বিজিবির প্রতিরোধের মুখে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে ভারতের অভ্যন্তরে ফিরে যাওয়ার চেষ্টা করলেও বিএসএফ তাদের বাধা দেয়। দুই বাহিনীর বাধার মুখে শেষ পর্যন্ত তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে বাধ্য হন।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বৃহস্পতিবার রাতে বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবি তা কঠোরভাবে প্রতিহত করেছে এবং সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় বিএসএফের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের আহ্বান জানানো হয়েছে।
