সিলেটে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১ নভেম্বর) বিকেলে নগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- সিলেটের শাহপরান থানার চৌধুরীপাড়া এলাকার মৃত ছবির আলীর ছেলে আলী হোসেন (৩০), বিমানবন্দর থানার বাদামবাগিছা এলাকার আব্দুর নূরের ছেলে আসদ্দর আলী (৫২), ইলেকট্রিক সাপ্লাই রোডের ২৯ দিগন্ত এলাকার আইয়ুব আলীর ছেলে খোরশেদ আলম (৪৩), শাহপরান থানার উত্তর বালুচর এলাকার সামছুল আলমের ছেলে রোমান আহমেদ (৩৩) এবং বিমানবন্দর থানার খাসদবীর সৈয়দমুগনী এলাকার মৃত রফিক মিয়ার ছেলে ইমন আহমেদ (৩০)।
পুলিশ জানায়, রোববার বিকেল ৫টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বিমানবন্দর থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকার শেখ সুমনের বসতঘরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলার অভিযোগে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯-এর ৯৫ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
