ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ চিঠি পাঠানো হয়। এতে সই করেছেন বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অবদান অপরিসীম। তাঁদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ এবং সার্বিক পরিষেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষাখাতে বাজেটের বরাদ্দ বাড়ানো হচ্ছে। এতে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাদারত্বের উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তাঁদের জাতীয় বেতন স্কেল-২০২৬ (নবম পে-স্কেল) অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। দুই খাত মিলিয়ে অতিরিক্ত বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
এ অবস্থায় ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিতে অর্থ বিভাগের কাছে অনুরোধ জানানো হয়েছে।
তবে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানোর অর্থ নতুন পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন নয়। এ বিষয়ে অর্থ বরাদ্দ ও পরবর্তী সরকারি সিদ্ধান্তের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।
