আরিফুল হক চৌধুরী, এমপি।
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিক অসন্তোষ মোকাবিলায় সরকারের তৎপরতার মধ্যেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী। শ্রমিকদের চলমান আন্দোলন ও পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টা মাহদী আমিন বৈঠকে উপস্থিত থাকতে পারেন।
এর আগে রোববার সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় সরকার নতুন মজুরি বোর্ড গঠন করে। শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে দেরি হওয়ায় বোর্ড গঠনের প্রক্রিয়ায় বিলম্ব হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন বলেও জানা গেছে।
নতুন মজুরি নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
দুপুর ১২টার দিকে সেখানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। একই দাবিতে গাজীপুরেও সড়কে নেমে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে মজুরি বোর্ড গঠন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠককে পরিস্থিতি মোকাবিলায় সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
