সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও পকেটমার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তাদের একজন আশিকুর রহমান টিপুর বিরুদ্ধে হত্যা, চুরি, মাদক ও দ্রুত বিচার আইনে ছয়টি মামলা রয়েছে। অপরজন শরীফ আহমদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও মাদক আইনে চারটি মামলা চলমান।
রোববার (১ নভেম্বর) বিকেলে নগরীর সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আশিকুর রহমান টিপু (৪১)। তিনি বর্তমানে সিলেট নগরীর বাগবাড়ী নরসিংটিলা এলাকায় বসবাস করেন। অপরজন সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে শরীফ আহমদ (৩৪)। তিনি বর্তমানে শাহপরান থানাধীন বিএডিসি মীর মহল্লার মানিক মিয়ার কলোনিতে বসবাস করেন।
পুলিশ জানায়, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সুরমা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে টিপুকে গ্রেফতার করে। তিনি সাধারণত দায়রা জজ আদালত এলাকায় চুরি ও ছিনতাই করেন বলে পুলিশের ভাষ্য। তার বিরুদ্ধে একটি হত্যা, একটি দ্রুত বিচার, তিনটি চুরি ও একটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।
অন্যদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে শরীফ আহমদকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে পেশাদার পকেটমার ও চোর হিসেবে উল্লেখ করেছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং মাদক আইনে দুটি মামলা চলমান রয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
