সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ভারতীয় ক্রিম ও চকলেটসহ ১ লাখ ৩ হাজার ৪২০ টাকার পণ্য উদ্ধার করা হয়। অন্যদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৪ নভেম্বর) এসএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, আদালতের সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১০০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫টি যানবাহনকে মামলা দেওয়া হয়েছে এবং ৫৫টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। নিরাপদ সিলেট গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
