মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে টানা চার দিন সিলেটসহ সারাদেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। বুধবার (৪ নভেম্বর) থেকে শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
গত ১ নভেম্বর পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের গ্যাস পুনরায় রূপান্তর কার্যক্রম বন্ধ থাকবে।
এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কম থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল।
সাময়িক এ বিঘ্নের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
