শিরোনাম
আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল হত্যা দিবসের প্রদর্শনী স্থগিত সিলেটে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ননীছড়া দখল-দূষণমুক্ত করার দাবি সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য বিমানের দাম্মাম রুটে ফ্লাইট শুরু ৭ নভেম্বর সিলেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য, ব্যবসায়ীর কারাদণ্ড সিলেটসহ সারাদেশে গ্যাস বন্ধের বিষয়ে পেট্রোবাংলা বলছে গুজব সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হ/ত্যা, গ্রেফ/তার এক দ্বারপ্রান্তে ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা সৌদি প্রবাসীদের জন্য সরকারের ১৬ বিষয়ে জরুরি নির্দেশনা

https://www.emjanews.com/

20284

surplus

প্রকাশিত

০৩ নভেম্বর ২০২৬ ১৯:৩২

অন্যান্য

সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ১৯:৩২

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন। তিনি বলেছেন, গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিশ্ববিদ্যালয়।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনও অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আবিদা জামান নাফি ও হামজা আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় কেবল পাঠ্যবইনির্ভর শিক্ষার প্রতিষ্ঠান নয়; এটি গবেষণা, উদ্ভাবন ও নতুন জ্ঞান সৃষ্টির অন্যতম কেন্দ্র। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার মৌলিক পার্থক্য রয়েছে। উচ্চশিক্ষার প্রায় ৬০ শতাংশই গবেষণার সঙ্গে সম্পৃক্ত। গবেষণার মাধ্যমেই নতুন ধারণা ও জ্ঞানের বিকাশ ঘটে।

তিনি বলেন, স্থায়ী ক্যাম্পাস না থাকায় সুবিপ্রবিকে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। তবে এসব সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমান সরকারের সময়ে স্থায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়িত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

স্থায়ী ক্যাম্পাসের পরিকল্পনার কথা তুলে ধরে উপাচার্য জানান, সেখানে গবেষণার জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দুই থেকে আড়াই হাজার মানুষের ধারণক্ষমতাসম্পন্ন শীতাতপনিয়ন্ত্রিত মিলনায়তন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, স্থায়ী ক্যাম্পাস না থাকলেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন। একসময় তাঁরাই দেশের নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, সরকারের সহযোগিতা ও সবার সম্মিলিত প্রচেষ্টায় গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করে সুবিপ্রবি সুনামগঞ্জের উচ্চশিক্ষা ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।