ছবি: সংগৃহীত
সিলেটে সনাতন বিদ্যার্থী সংসদ, মহানগর শাখার উদ্যোগে শুভ দীপাবলি উদযাপন করা হয়েছে। এসময় সহস্রাধিক প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে নগরীর লামাবাজারস্থ শ্রীশ্রী তিন শিব মন্দির প্রাঙ্গণ।
গেলো রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর প্রাণকেন্দ্র লামাবাজারে অবস্থিত শ্রীশ্রী তিন শিব মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অন্ধকার দূর করে আলো ও শুভশক্তির আবাহন করা হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন অমৃত ফুডের সিলেট ডিপো ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পলাশ দাম, সনাতন বিদ্যার্থী সংসদের দীপাবলি উদযাপন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী প্রাঙ্গণ পুরকায়স্থ এবং সদস্যসচিব শ্রী বিশাল চন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদের সদস্য শ্রী অসীম দাশ শিশির, শ্রী রঞ্জন রায়, শ্রী শাওন দেব, শ্রীমতী শ্রাবন্তী দাশ রাইসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং শ্রীশ্রী তিন শিব মন্দির পরিচালনা পরিষদের সদস্যরা।
আয়োজকরা বলেন, দীপাবলি শুধু আলোর উৎসব নয়, এটি অন্ধকারের বিপরীতে আলো, অশুভের বিপরীতে শুভ এবং অজ্ঞতার বিপরীতে জ্ঞানের প্রতীক। সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল প্রত্যাশা।
অন্ধকার থেকে দিব্য জ্যোতির আলোকধারায় আলোকিত হোক এই ভুবন এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে শ্রীশ্রী তিন শিব মন্দির পরিচালনা পরিষদ।
