শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20458

sylhet

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ২১:৫৬

সিলেট

রাতারগুলের রিসোর্টে সভায় ছিলেন ১৭৫ নেতাকর্মী, বক্তব্য দিয়ে চলে যান রনজিত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ২১:৫৬

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সিলেটের রাতারগুলের একটি ইকো রিসোর্টে সভা করেছেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকার। শিক্ষা সফরের কথা বলে বুকিং নেওয়া রিসোর্টটিতে ১৭৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গত ৮ নভেম্বর রোববার সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সভায় ১৭৫ জনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়েছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন সভার বিষয়টি নিশ্চিত করে জানান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রিসোর্টে গিয়ে ঘটনার সত্যতা পায়।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী ৮ নভেম্বরের জন্য রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে হঠাৎ রনজিত সরকার উপস্থিত হয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বক্তব্য দেন। কয়েক মিনিট বক্তব্য দিয়েই তিনি সেখান থেকে চলে যান।

রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশারফ জানান, গত বুধবার অ্যাডভোকেট রুকনসহ দুজন রিসোর্টে এসে বুকিংয়ের বিষয়ে কথা বলেন এবং জায়গাটি ঘুরে দেখেন। পরে শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং নিশ্চিত করা হয়। ১৭৫ জনের দলের জন্য ৫২ হাজার টাকা বিল নির্ধারণ করা হয়েছিল।

তিনি জানান, শিক্ষা সফরের দলটি দুপুর বা বিকেল ৩টার দিকে রিসোর্টে প্রবেশ করে। সেখানে লেক ও মিনি ফুটবল মাঠে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রম চলে। অনুষ্ঠানের জন্য প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হয়েছিল। আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণও করা হয়। সব কার্যক্রম শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে দলটি রিসোর্ট ছেড়ে যায়।

তবে রনজিত সরকার কখন সেখানে এসেছিলেন, তা জানেন না বলে দাবি করেছেন রিসোর্টের কর্মচারীরা। তারা রনজিত সরকারকে চিনতেন না বলেও জানিয়েছেন। এদিকে সভায় তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করে পুলিশ। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে রনজিত সরকারের সভায় উপস্থিত দেখা যায়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ভিডিওতে তারা মিয়ার উপস্থিতি শনাক্তের পর মুঠোফোনের অবস্থান অনুসরণ করে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা মিয়া প্রাথমিকভাবে জানান, গোয়াইনঘাটের রাতারগুলে রনজিত সরকার সভা করেছেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাঁকে নিয়ে ঘটনাস্থলে যায়।

অন্যদিকে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক মণ্ডল প্রথমে সাবেক সংসদ সদস্যের সভা করার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে সুনামগঞ্জের পুলিশ সুপার সভার বিষয়টি নিশ্চিত করেন।

‘শেখ হাসিনা আনবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ সভায় সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে জানা গেছে। সভার ব্যানারেও চার উপজেলার নাম উল্লেখ ছিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রনজিত সরকার। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও।

গত সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে সভায় দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় তাঁর বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ লোকজন।

এদিকে, রনজিত সরকার ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে সভা শেষে আবার ভারতে ফিরে গেছেন বলে জানা গেছে। সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়ার কথা তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন। একটি সূত্রের দাবি, বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছেন।

এর আগে সিলেটে এ ধরনের কোনো সভা হয়নি বলে জানিয়েছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।