শিরোনাম
রনজিত সরকারের সভাটি হয়েছিল রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে! শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলেটসহ সব জেলায় মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা সরকারি চাকরিতে ৫ লাখের বেশি পদ শূন্য, নিয়োগের কর্মপরিকল্পনা সিলেটে বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় যুক্তরাজ্যে মা-বাবা, দাওয়াতে স্ত্রী: সিলেটে বদ্ধ ঘরে রাজভির লা/শ সিলেটে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রে/ফতার দেশে ঢুকে সভা করার দাবি রনজিত সরকারের, পুলিশের বক্তব্যে ভিন্নতা সিলেটে এইচএসসির ফলে ১৪ হাজার শিক্ষার্থীর চ্যালেঞ্জ: ভর্তির নিয়ম বদলাচ্ছে শাবি

https://www.emjanews.com/

20455

international

প্রকাশিত

১০ নভেম্বর ২০২৬ ২১:০৪

আন্তর্জাতিক

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, আইন অনুযায়ী সমাধান হবে: ভারত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ২১:০৪

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যে বিষয়টিকে আইনি প্রশ্ন হিসেবে উল্লেখ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি এবং আইন অনুযায়ীই এর সমাধান করা হবে। অন্যদিকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনসংক্রান্ত প্রশ্নে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন এবং তাঁর প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হয়।

এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না, তা-ও জানতে চান তিনি।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। শেখ হাসিনার আবেদনের বিষয়টিও সেই প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তবে এটি একটি কারিগরি বিষয়। প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ী এর সমাধান করা হবে।’

শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা বা সমঝোতার মাধ্যমে নয়াদিল্লি কোনো ভূমিকা রাখতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ। বাংলাদেশের রাজনৈতিক অবস্থান সম্পর্কে হাইকমিশনই জানাতে পারবে।

শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সর্বশেষ আলোচনার বিষয়ে জানতে চাওয়া হলেও আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, বিষয়টি আইনি এবং আইন অনুযায়ীই এর সমাধান হবে।

এর আগে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ বিষয়ে চিঠি পাঠান তাঁর আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রক্রিয়া, ভ্রমণ নথিপত্র এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাঁর দেশে ফেরা ঘিরে রাজনৈতিক ও আইনি জটিলতার বিষয়টিও আলোচনায় রয়েছে।

ভারতের সর্বশেষ বক্তব্যে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে পরবর্তী কূটনৈতিক যোগাযোগ কোন দিকে এগোয়, তা-ই এখন দেখার বিষয়।