সালমান খান।
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। চার মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলারে সীমান্ত উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষ ও যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি তুলে ধরা হয়েছে শান্তি ও মানবিকতার বার্তা।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত ট্রেলারটি শুরু হয়েছে পূর্ব লাদাখের বরফে ঢাকা পাহাড়ি অঞ্চল দিয়ে। এতে ১৬ বিহার রেজিমেন্টের এক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। দেশের দায়িত্ব পালনে পরিবারের উদ্বেগ উপেক্ষা করে সীমান্তে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সিনেমায় তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।
ট্রেলারে দেখা যায়, ছোট ছেলেকে বিদায় জানানোর সময় সালমান বলেন, সেনারা বিদায় জানায় না, স্যালুট করে। পরিবারের প্রতি ভালোবাসা থাকলেও দেশের নিরাপত্তার দায়িত্ব থেকে পিছিয়ে আসেন না তিনি।
এরপরই সামনে আসে ভারত-চীন সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি। ভারতীয় সেনারা দেখতে পান, সীমান্তের ওপারে তাবু ও টহলচৌকি তৈরি করছে চীনা সেনারা। পরিস্থিতি আলোচনার মাধ্যমে সামাল দেওয়ার চেষ্টা করেন সালমানের চরিত্র। তাঁর মতে, সাহসিকতা মানেই সব সময় যুদ্ধ করা নয়, কখনো কখনো যুদ্ধ ঠেকানোও সাহসিকতার পরিচয়।
কিন্তু বিপক্ষের সেনারা সংখ্যায় বেশি হয়ে ভারতীয় সেনাদের পিছু হটার নির্দেশ দিলে পরিস্থিতি বদলে যায়। পিছু হটতে অস্বীকার করে সালমান বলেন, ‘আমরা সেনা, এমন দিনের জন্যই আমাদের তৈরি করা হয়েছে।’ এরপর শুরু হয় দুই পক্ষের ভয়াবহ হাতাহাতি।
এছাড়াও ট্রেলারে ‘এক বিহারি, ১০০ জনের সমান’ সংলাপটিও দর্শকদের নজর কেড়েছে।
এর আগে সিনেমাটি নিয়ে ভারত-চীন সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে আলোচনা তৈরি হয়েছিল। তবে সালমান স্পষ্ট করেছেন, এটি চীনবিরোধী সিনেমা নয়। তাঁর ভাষ্য, দুই দেশের সেনা ও তাঁদের পরিবারের অভিজ্ঞতা নিয়েই ছবিটি নির্মিত হয়েছে। কোনো দেশকে নেতিবাচকভাবে তুলে ধরার উদ্দেশ্য নেই। বরং যুদ্ধের পরিস্থিতি এবং এর মানবিক পরিণতিই সিনেমাটির মূল বিষয়।
সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।
সালমান জানিয়েছেন, ভিএফএক্সের কাজ নিখুঁত করতে এবং চিত্রাঙ্গদা সিংয়ের চোটের কারণে শুটিংয়ে দেরি হয়েছে। সেন্সর বোর্ড থেকেও কোনো দৃশ্য বাদ না দিয়েই সিনেমাটি ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন তিনি।
অপূর্ব লাখিয়ার পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর।
