ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুরে মাদ্রাসা পয়েন্ট ও ভবের বাজারের মধ্যবর্তী জগন্নাথপুর-সিলেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামসুদ্দিন সাদ্দাম জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে জগন্নাথপুর সদরের উদ্দেশ্যে রওনা হন সাদ্দাম। তিনি মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম নিহত হন। মোটরসাইকেল চালকসহ আরও দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান শুক্রবার (২০ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।