শিরোনাম
তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ সিলেটে কোয়ারি থেকে জব্দ বালু-পাথর বিক্রি হবে নিলামে সিলেটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটে ২৪ ঘণ্টায় ৩৯ জন গ্রেফ/তার ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত

https://www.emjanews.com/

20753

international

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ০৯:৫০

আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার নজিরবিহীন ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ০৯:৫০

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক ডজন বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। হামলায় বিদ্যুৎ, পানি ও রেল যোগাযোগ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত আটজন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধ শুরুর পর রাজধানী কিয়েভে এটিকে রাশিয়ার অন্যতম বড় আকাশপথের হামলা হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে চালানো এ হামলায় ৪০০টির বেশি ড্রোন এবং ১১০টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের দিনিপ্রো নদীর দুই তীরকে সংযুক্ত করা তিনটি সেতুসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। একের পর এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। নিরাপত্তার জন্য বহু বাসিন্দা মেট্রো স্টেশনে আশ্রয় নেন।

জেলেনস্কি জানান, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের জ্বালানি, সরবরাহব্যবস্থা ও রেল অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, এটি ছিল রাশিয়ার অন্যতম বড় হামলা। তার অভিযোগ, সামরিক ও কূটনৈতিক ব্যর্থতা আড়াল করতেই মস্কো এ ধরনের প্রাণঘাতী হামলার আশ্রয় নিচ্ছে। রুশ হামলার কৌশলকে নিষ্ঠুর আখ্যা দিয়ে তিনি জানান, ২০ থেকে ৩০ মিনিট বিরতিতে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, পোদিলস্কো-ভসক্রেসেনস্কি, দারনিৎস্কি ও পিভদেনি সেতু হামলার লক্ষ্যবস্তু ছিল। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের গাড়ি নিয়ে কর্মস্থলে যাতায়াত না করার পরামর্শ দিয়েছেন তিনি।

ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাশিয়ার ছোড়া ৩৮০টি ড্রোন, ৭৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি জানান, কিয়েভে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরের একটি রেলস্টেশনে হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

হামলায় রাজধানীর পানি ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কিয়েভের একটি পানি সরবরাহ কেন্দ্রে হামলায় তিন কর্মী নিহত হয়েছেন। এতে শহরের চারটি জেলায় পানির চাপ কমে গেছে। কিছু ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউক্রেনের বিদ্যুৎ সঞ্চালন সংস্থা উক্রেনেরগো জানিয়েছে, লভিভ, জাকারপাতিয়া ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ কোম্পানি ডিটিইকের তথ্য অনুযায়ী, কিয়েভের পাঁচটি জেলার কিছু বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান উক্রজালিজনিৎসিয়া জানিয়েছে, রাশিয়ার হামলায় বিভিন্ন এলাকার রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি জানান, স্কনিলিভ রেলস্টেশনে হামলায় দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে ড্রোন হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি হাসপাতালে রুশ ড্রোন হামলায় আহত হয়েছেন আরও চারজন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এদিকে ইউক্রেনে রুশ হামলার মধ্যেই পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটিকে রাশিয়ার উসকানি হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে পোল্যান্ড।

অন্যদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সড়ক সীমান্তের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে এস্তোনিয়া।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দীর্ঘদিনের এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে সম্মুখসারিতে অগ্রগতি অনেকটা স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেই দুই দেশ আকাশপথে হামলা জোরদার করেছে। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করছে, অন্যদিকে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ, পরিবহন ও সরবরাহ অবকাঠামোয় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি রুশ-অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলকে সংযুক্ত করা সেতুতে ইউক্রেনের হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এর পরদিনই কিয়েভে বড় ধরনের এই হামলা চালাল রাশিয়া।