শিরোনাম
তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ সিলেটে কোয়ারি থেকে জব্দ বালু-পাথর বিক্রি হবে নিলামে সিলেটে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটে ২৪ ঘণ্টায় ৩৯ জন গ্রেফ/তার ধর্মপাশায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ২০টি চেয়ার-টেবিল গঙ্গার পানি চুক্তি শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নীরব ভারত

https://www.emjanews.com/

20772

international

প্রকাশিত

২১ নভেম্বর ২০২৬ ১৯:৪৬

আন্তর্জাতিক

ভারতে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবি, এগিয়ে কংগ্রেস

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১৯:৪৬

ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ-তিন স্তরেই বিজেপিকে পেছনে ফেলে ভালো ফল করেছে বিরোধী দল কংগ্রেস। নির্বাচনের এ ফলকে রাজ্যের গ্রামীণ এলাকায় বিজেপির প্রতি জনসমর্থন কমে যাওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে কংগ্রেস।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, রাজ্যের ৪১টি জেলা পরিষদের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। চারটি জেলার ভোট গণনা স্থগিত রয়েছে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনসংখ্যায় বিজেপির তুলনায় দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। গত নির্বাচনের তুলনায় এবার তিন স্তরেই বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে কমেছে।

নির্বাচনে সবচেয়ে আলোচিত পরাজয়গুলোর একটি ঘটেছে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নির্বাচনী এলাকায়। তাঁর নিজের এলাকা সাঙ্গানের পঞ্চায়েত সমিতিতে বিজেপি তৃতীয় স্থানে নেমে গেছে। সেখানে জয় পেয়েছে আঞ্চলিক দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)। মুখ্যমন্ত্রীর নিজ জেলা ভরতপুরের ৩১টি জেলা পরিষদ আসনের মধ্যে ২১ থেকে ২২টি আসন পেয়েছে কংগ্রেস।

জয়পুর জেলার ফাগি পঞ্চায়েত সমিতিতেও বিজেপি কোনো আসনে জয় পায়নি। সেখানকার ১৫টি আসনের সবকটিতে পরাজিত হয়েছে দলটির প্রার্থীরা। কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক ক্রীড়াবিদ রাজ্যবর্ধন সিং রাঠোরের নির্বাচনী এলাকার পঞ্চায়েত সমিতিতেও প্রায় সব আসনে জয় পেয়ে বোর্ড গঠন করেছে কংগ্রেস। সেখানে বিজেপি পেয়েছে মাত্র একটি আসন।

এ ছাড়া রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী ঝাবর সিং খররার পরিবারের চার সদস্য নির্বাচনে প্রার্থী হয়েও জয়ী হতে পারেননি। তাঁদের মধ্যে মন্ত্রীর স্ত্রী ও ছেলেও রয়েছেন।

নির্বাচনে সাফল্যের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, রাজস্থানের ফলাফলে বিজেপি বুঝতে পারছে, গ্রামীণ ভারতের মানুষ কতটা ক্ষুব্ধ। কর্মসংস্থানের অভাব, আয় কমে যাওয়া, কৃষকদের বঞ্চনা ও লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষ বিপর্যস্ত। ব্যালটের মাধ্যমে তাঁরা সেই ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন। কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আবার ফিরছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, নির্বাচনের ফলাফলকে জনগণের রায় হিসেবে মেনে নিয়েছেন রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর। দলের কোথায় ঘাটতি ছিল, তা পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৮ সালে রাজস্থানে পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে পঞ্চায়েত নির্বাচনে এ ফল বিজেপির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। বিশেষ করে গ্রামীণ ভোটারদের সমর্থনের ক্ষেত্রে দলটির সামনে নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

এর আগে নাগপুর, পাটনা, দ্বারভাঙা ও লখনউয়ের মতো শহরে বিধান পরিষদ নির্বাচনে শিক্ষক ও স্নাতক ভোটারদের সমর্থন হারিয়েছিল বিজেপি। সে সময় উত্তরপ্রদেশে এনডিএর শরিক দল ও মন্ত্রী ওমপ্রকাশ রাজভড় মন্তব্য করেছিলেন, শিক্ষিত ভোটাররা ভোট দেওয়ায় এনডিএ প্রার্থীরা পরাজিত হয়েছেন। রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলও গ্রামীণ ভোটারদের মধ্যে বিজেপির জনসমর্থন নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

উল্লেখ্য, রাজস্থানের গত বিধানসভা নির্বাচনের পর বিজেপির প্রভাবশালী নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে অনেকটা কোণঠাসা করে তুলনামূলক কম পরিচিত নেতা ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বাধীন সরকারের প্রথম বড় নির্বাচনী পরীক্ষায় পঞ্চায়েত নির্বাচনের এ ফলাফল দলটির জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।