ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুরে বড়গাং বালুমহালে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি নৌকার ইঞ্জিন খুলে জব্দ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনে নিয়োজিত শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় বালু বহনকারী ইঞ্জিনচালিত নৌকাগুলো বালুসহ নদীতে ডুবিয়ে দেওয়া হয়। পাশাপাশি চারটি বালুভর্তি নৌকার ইঞ্জিন খুলে জব্দ করা হয়।
নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে বড়গাং বালুমহালের ইজারাদারের তিন কর্মচারীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁরা দোষ স্বীকার করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁদের মোট দুই লাখ টাকা জরিমানা করেন।
আটক ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানে জৈন্তাপুর উপজেলা প্রশাসন, জৈন্তাপুর মডেল থানা-পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জৈন্তাপুরের পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
