শিরোনাম
দুই দিনের সফরে সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জ্বালাও পোড়াও করে বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন দেখা বোকামি: এমপি লুনা সিলেটে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা: যেভাবে হলো শেষ রক্ষা সিলেটের সড়ক-হোটেল এখন কঠোর নজরদারিতে: এসএমপির বার্তা সিলেটে ২৪ ঘণ্টায় ২১ জন গ্রেফ/তার তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান সিলেটে সশস্ত্র বাহিনী দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল সেনাবাহিনী সিলেটসহ সারাদেশে ফ্যামিলি কার্ড শুমারি শুরু, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহবান সুনামগঞ্জে নদীর তীর ও ফসলি জমি কেটে ১০ দিনে ৫ কোটি টাকার বালু লুটের অভিযোগ সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

https://www.emjanews.com/

20797

sylhet

প্রকাশিত

২২ নভেম্বর ২০২৬ ১৮:০৪

সিলেট

সিলেটে রেড ক্রিসেন্টের অভিভাবক-শিশু কর্মশালা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ১৮:০৪

ছবি: সংগৃহীত

শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে খেলাধুলাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিভাবক-শিশু কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ডেনিশ রেড ক্রসের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘Celebrating Learning Through Play (LEGO) Project’-এর আওতায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; প্রয়োজন আনন্দময় শিক্ষার পরিবেশ, সৃজনশীলতা, খেলাধুলা এবং পরিবারের ভালোবাসা ও সহযোগিতা। খেলাধুলার মাধ্যমে শিশুরা আনন্দের সঙ্গে শেখার পাশাপাশি নিজেদের চিন্তাভাবনা, যোগাযোগ, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারে।

তিনি বলেন, বিশেষ করে দুর্যোগ ও মানবিক সংকটের সময় শিশুরা নানা ধরনের মানসিক চাপ ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এ অবস্থায় তাদের স্বাভাবিক বিকাশ, মানসিক সুস্থতা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবার দায়িত্ব।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ডেনিশ রেডক্রসের সহযোগিতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলায় ‘Celebrating Learning Through Play (LEGO)’ প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পের মূল লক্ষ্য হলো খেলাধুলাভিত্তিক আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি এবং শিশুদের সৃজনশীলতা, যোগাযোগ, আত্মবিশ্বাস, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা।

শিশুদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে অভিভাবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে চেয়ারম্যান বলেন, সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানো, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, খেলাধুলায় অংশ নেওয়া এবং প্রতিটি ভালো কাজে উৎসাহিত করা তাদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কর্মশালা শিশুদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও ইতিবাচক সচেতনতা তৈরিতে সহায়ক হবে।

এ ধরনের মানবিক ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়নে ডেনিশ রেডক্রসকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সংশ্লিষ্ট কর্মকর্তা, ডেনিশ রেডক্রসের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।