ছবি: সংগৃহীত
সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি জমা না দেওয়ায় বিষয়টিকে সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
এ অবস্থায় চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।
চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।
