ছবি: সংগৃহীত
সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পরিবীক্ষণের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দুই নেতা মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন।
শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় ২২ নেতার দায়িত্ব বণ্টন করে তালিকা প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ বিভাগের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ করবেন। এর মাধ্যমে জেলা ও মহানগর পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট বিভাগের দায়িত্ব পাওয়া মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক এ সময়ে বিভাগের আওতাধীন জেলা ও মহানগর ইউনিটগুলোর সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন।
