ছবি: সংগৃহীত
বরিশাল নগরীতে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এ সময় বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও নামফলক টাঙিয়ে তার বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীতে জিয়াউল আহসানের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানান। সন্তানদের ছবি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ফিরোজা বেগম বলেন, দুই ছেলেকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল এবং কেন তাদের নিখোঁজ করা হলো, সেই প্রশ্নের উত্তর চান তিনি।
বিক্ষোভের একপর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয়। কালি দিয়ে মুছে দেওয়া হয় বাড়ির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। এ ছাড়া বাড়ির সামনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানার টাঙানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু বিচার চান তারা। তাদের দাবি, অভিযুক্ত জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মামলার অভিযোগ ও বিচার
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের পর গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।
