ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় জামায়াত নেতার কার্যালয় ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনার পর উত্তেজনা যেন আরও ঘনীভূত হচ্ছে। বালুর ঘাটের ইজারা, বালু উত্তোলন, সড়কের ক্ষতি; নাকি চাঁদাবাজির বিরোধ, কোনটি এই সংঘাতের আসল কারণ? এক পক্ষের অভিযোগ, বালু উত্তোলন বন্ধের নির্দেশের জেরেই হামলা।
অন্য পক্ষ বলছে, চাঁদার অঙ্ক বাড়ানো নিয়ে বিরোধের জেরে সাজানো হয়েছে হামলার ঘটনা। এর মধ্যেই কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার ঘোষণা, প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়ায় এলে বিএনপি নেতাদের নাম ধরে সব অভিযোগ জানাবেন। তাঁর এই বক্তব্যে ঘটনার নেপথ্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহরে জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে এলে সাম্প্রতিক ঘটনার বিষয়ে তাঁর কাছে অভিযোগ জানাবেন। কারা হঠাৎ করে এই ঘটনা ঘটিয়েছে, তা খুঁজে বের করার কথাও বলেন তিনি।
আমির হামজা বলেন, ‘প্রধানমন্ত্রী আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’
তবে ঠিক কোন কোন নেতার বিরুদ্ধে তাঁর অভিযোগ, তাঁদের ভূমিকা কী-সংবাদ সম্মেলনে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি। ফলে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তাঁর এই অভিযোগের অপেক্ষা তৈরি হয়েছে।
বালুর ঘাট, চাঁদা নাকি রাজনৈতিক বিরোধ?
ঘটনার সূত্রপাত বালুর ঘাট নিয়ে বিরোধ থেকে; এমনটাই দাবি দুই পক্ষের। তবে বিরোধের কারণ নিয়ে তাদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত।
আমির হামজার ভাষ্য, বালুর ঘাটের ইজারা, অপরিকল্পিত বালু উত্তোলন এবং বালুবাহী ট্রাক চলাচলে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে বিরোধ তৈরি হয়েছে। সড়ক সংস্কারেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতা ও দায়িত্ব এড়িয়ে যাওয়ার অভিযোগ তোলেন তিনি।
বালুঘাটে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একটি ভিডিওতে শুনেছেন, শাজাহান আলী আগে ৩০ হাজার টাকা, পরে ৫০ হাজার টাকা এবং এখন প্রতিদিন এক লাখ টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্যদিকে, জামায়াত নেতা মো. শাহজাহানের অভিযোগ, গড়াই নদের বালুমহল থেকে বালুবাহী ট্রাক চলাচলের কারণে এলাকার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সম্প্রতি সংসদ সদস্য আমির হামজা সেখানে গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এরপর জামায়াতের নেতাকর্মীরা রাস্তায় ব্লক ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এর জেরেই বিএনপির নেতাকর্মীরা তাঁর কার্যালয় ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ করেন বলে দাবি শাহজাহানের।
তবে বিএনপির নেতাকর্মীরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, জামায়াত নেতা শাহজাহান আগে বালুমহাল থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা চাঁদা নিতেন। এখন সেই অঙ্ক বাড়িয়ে এক লাখ টাকা করেছেন বলে অভিযোগ তাঁদের। হামলার ঘটনাটি নিজেরাই সাজিয়েছেন বলেও দাবি বিএনপির নেতাকর্মীদের।
অর্থাৎ একই বালুঘাটকে কেন্দ্র করে দুই পক্ষের অভিযোগ দুই রকম। এক পক্ষের দাবি, বালু উত্তোলন বন্ধের উদ্যোগের প্রতিশোধ নিতে হামলা হয়েছে। অন্য পক্ষের বক্তব্য, চাঁদার টাকা নিয়ে বিরোধের ঘটনাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে।
কারাগারের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় জামায়াত নেতা মো. শাহজাহানের কার্যালয় ও বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।
সংবাদ সম্মেলনে কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও তুলে ধরে উদ্বেগ জানান আমির হামজা। তাঁর দাবি, কুষ্টিয়ার কোনো জায়গাই এখন নিরাপদ নয়। এ ধরনের সহিংসতা চলতে থাকলে মানুষের বাড়িঘর, জানমাল ও সম্মান-কোনোটিরই নিরাপত্তা থাকবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শুধু কুষ্টিয়া নয়, দেশের কোথাও পরিস্থিতি ভালো নেই। গত ৫৫ বছরের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে নেমেছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। তাঁদের জেলায় দায়িত্বে রাখার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন অপেক্ষা
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়েছেন আমির হামজা। তিনি বলেন, দল-মতনির্বিশেষে প্রধানমন্ত্রী সবার। তাঁর সফর উপলক্ষে কুষ্টিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন স্থাপনা উদ্বোধনের প্রস্তুতি চলছে, যা তাঁরা স্বাগত জানান।
তবে এই সফরেই বালুর ঘাটকেন্দ্রিক সংঘাতের অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন আমির হামজা। তাঁর অভিযোগ, সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যের কথা বলা হলেও বাস্তবে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বালুর ঘাট পরিচালনার অভিযোগ উঠছে।
সব মিলিয়ে কুষ্টিয়ার ঘটনাটি এখন আর শুধু একটি বালুর ঘাট বা সড়ক নিয়ে বিরোধে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ, রাজনৈতিক সংঘাত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন এবং বিএনপির নেতাদের বিরুদ্ধে সংসদ সদস্যের অভিযোগ।
তবে হামলার নির্দেশ কারা দিয়েছিল, চাঁদাবাজির অভিযোগের ভিত্তি কী, কিংবা ঘটনার পেছনে রাজনৈতিক কোনো হিসাব কাজ করেছে কি না; এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। আমির হামজা বলছেন, প্রধানমন্ত্রীর সামনে নাম ধরে সব বলবেন। ফলে ২ ডিসেম্বরের সফর ঘিরে এখন কৌতূহল; সেদিন কি প্রকাশ্যে আসবে সংঘাতের নেপথ্যের কোনো তথ্য, নাকি পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই আটকে থাকবে কুষ্টিয়ার এই রহস্য?
