শিরোনাম
সিলেটে শুক্র ও শনিবার আবাসিক প্রিপেইড মিটারে গ্যাস রিচার্জ বন্ধ থাকবে জামালগঞ্জের সুরমায় নৌকাডুবি: নিখোঁজ দুই শ্রমিকেরই লাশ উদ্ধার খাবারে ভেজাল, টিলাগড়ের স্বদেশী ফুডকে ১ লাখ টাকা জরিমানা ১১২ কর্মীর যাত্রা দিয়ে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায় শুক্রবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী ওসমানী বিমানবন্দরে ১ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ জব্দ সিলেটের এক জেলার ৯০ জন নির্বাচিত: বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ সিলেটে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখার পাশে আ/গু/ন ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশী পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

https://www.emjanews.com/

20943

national

প্রকাশিত

২৭ নভেম্বর ২০২৬ ১২:২১

জাতীয়

হোটেলে মুরগি ঢোকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে হোটেল ম্যানেজার নিহত

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১২:২১

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে একটি মুরগি হোটেলে ঢোকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হোটেল ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে পাশের মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে টিকাটুলির জয়কালী মন্দিরসংলগ্ন হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে নাঈমুরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোটেলটির সামনে একটি মুরগির দোকান রয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ওই দোকান থেকে একটি মুরগি হোটেলে ঢুকে পড়ে। একপর্যায়ে মুরগিটি হোটেলের দোতলায় উঠে যায়। এ নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে দোকানের মালিক এনায়েত কাজীর কথা-কাটাকাটি হয়। পরে এনায়েত ও তাঁর ছেলে ইরান হোটেলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, মুরগি হোটেলে ঢোকাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে এনায়েত ও তাঁর ছেলে হোটেল ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁকে রক্ষা করতে গিয়ে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী হাসানও আহত হন।

আহতদের উদ্ধার করে দিবাগত রাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুর রাজ্জাক ও হাসান চিকিৎসাধীন রয়েছেন।

নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়। তাঁর বাবার নাম মো. গোলাম মোস্তফা।

নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের দাবি, মুরগির দোকানের মালিক এনায়েত কাজীর সঙ্গে স্থানীয় সন্ত্রাসীদের সখ্য রয়েছে। কিছুদিন ধরে তিনি সহযোগীদের নিয়ে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর ক্ষুব্ধ ছিলেন তাঁরা।

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাকের নাতি মো. জুবায়েরের দাবি, পূর্বশত্রুতার জের ধরে এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজী হোটেলে প্রবেশ করে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তবে কী নিয়ে তাঁদের মধ্যে পূর্ববিরোধ ছিল, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

ঘটনার পর এনায়েত ও তাঁর ছেলে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী।