সিলেটে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, লড়ছে ১৪ দল
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ ১৭:০৮
ছবি: সংগৃহীত
সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে শুরু হয়েছে সাবেক মন্ত্রী ও বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরের স্মৃতিকে ঘিরে আয়োজিত এ টুর্নামেন্টে সিলেটের ১৩টি উপজেলা ও সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সরকারের চার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। যৌথভাবে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও সিলেট সিটি করপোরেশনের দল অংশগ্রহণ করছে। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতিভা অন্বেষণ, খেলাধুলার প্রসার এবং তরুণদের মাঠমুখী করাই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা দল। ম্যাচকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকদের প্রত্যাশা, ১৪ দলের অংশগ্রহণে এ প্রতিযোগিতা সিলেটের তৃণমূল পর্যায়ের ফুটবলকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে নতুন খেলোয়াড়দের নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক মন্ত্রী। তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
