ছবি: সংগৃহীত
বিদেশের মাটিতে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিপুল অর্থ ব্যয় করতে হয় স্বজনদের। পরিবারের এই আর্থিক চাপ কমাতে মরদেহ দেশে আনার মোট খরচের ৫০ শতাংশ রাষ্ট্রীয়ভাবে বহনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন পাওয়া গেলে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে সিলেটের জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, লন্ডন, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে তার মরদেহ দেশে আনার ক্ষেত্রে সরকার ৫০ শতাংশ খরচ বহনের পরিকল্পনা করছে। বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সময় কোনো রিক্রুটিং এজেন্সি আনফিট ব্যক্তিকে ফিট দেখিয়ে পাঠালে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই এজেন্সির লাইসেন্সও বাতিল করা হতে পারে।
প্রবাসীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা প্রদানের জন্য সরকার সচেষ্ট রয়েছে।
অনুষ্ঠানে সিলেটের পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও কথা বলেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রকে ঘিরে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।
এ ছাড়া প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ল’ফার্ম নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি।
প্রবাসীদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি বিদেশে মৃত্যুবরণকারীদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যয় কমানোর এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রবাসী পরিবারগুলো আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ সুবিধা কার্যকর করতে মন্ত্রিসভার অনুমোদন ও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।
