শেখ মো. নোমান মিয়া।
হবিগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. নোমান মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শেখ মো. নোমান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার মশাজান গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে।
পুলিশ জানায়, নোমান মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাও রয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে নোমান মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
