সংগ্রহ
এবার ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩ পেলেন খ্যাতনামা প্রচ্ছদশিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষ। ‘আমাদের পরাবাস্তব টাউনের দিনরাত্রি’ উপন্যাসের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশের সাহিত্য অঙ্গনে মৌলিক ও উৎকর্ষপূর্ণ সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে সমকাল ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এর আগে ড. আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, সৈয়দ মনজুরুল ইসলামসহ খ্যাতিমান লেখকরা এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
ধ্রুব এষ শুধু একজন প্রচ্ছদশিল্পীই নন, শিশু-কিশোর সাহিত্য, সায়েন্স ফিকশন ও উপন্যাস রচনায়ও রেখেছেন উজ্জ্বল স্বাক্ষর। ১৯৬৭ সালের ১৭ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। পিতা ভূপতি রঞ্জন এষ এবং মাতা লীলা এষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে চিত্রশিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
১৯৮৯ সালে মোস্তাক আহমেদের একটি কাব্যগ্রন্থের প্রচ্ছদ অঙ্কনের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর ইমদাদুল হক মিলনের বইয়ের প্রচ্ছদ এবং পরে হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম প্রধান প্রচ্ছদশিল্পী।
২০১৯ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি প্রায় ২৫ হাজার বইয়ের প্রচ্ছদ অঙ্কন করেছেন। ধ্রুব এষের উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, সুপারি পাতার গাড়ি, সূর্য মামার বাচ্চাদের গল্প, ভূতপুর, রাফখাতা, আরেক নীশিতা, বাম হাতে ছয় আঙুল, অসকাল, কয়েকজন ই.টি, ফড়িংবিবি, মন খারাপ গল্প, মায়াবতীর রূপকথা এবং উপেন্দ্রকিশোর ও সুকুমার রচনাবলীর সংকলন। বর্তমানে তিনি সেবা প্রকাশনীর রহস্য পত্রিকার শিল্প সম্পাদক হিসেবে কর্মরত। বাংলা সাহিত্যে ও শিল্পে তাঁর অবদান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে—এমনটাই আশা করছে সাহিত্য অঙ্গন।
